গাইবান্ধার সাঘাটা উপজেলায় জামিনে মুক্তি পাওয়া এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উল্লা ভরতখালি বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর অভিযোগ, উত্তর উল্ল্যা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ওষুধ ব্যবসায়ী আব্দুল আজিজ খোকন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে কৌশলে ধর্ষণ করে আসছিলেন। বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে হুমকি-ধামকি দেওয়ায় তিনি বাধ্য হয়ে গত ৯ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের মামলা করেন।
অভিযোগে বলা হয়, সম্প্রতি জামিনে এসে খোকন আবারও ভুক্তভোগীকে হুমকি দিতে থাকেন। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে খোকন ও তার পরিবারের সদস্যরা ওই নারীকে জোর করে তার ওষুধের দোকানে নিয়ে যান। সেখানে তাকে নির্মমভাবে মারধর করার পর মাথার চুল কেটে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গাইবান্ধা জেলা নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মাহবুবা সুলতানা বলেন, মধ্যযুগীয় কায়দায় ওই নারীকে নির্যাতন করা হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্বরোচিত এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
