হঠাৎ কুয়াশায় ঢাকা পড়েছে সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। সারাদিন আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যার নেমে আসার পর থেকে শুরু করে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। বোঝা যাচ্ছে- প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এই জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা মেলে। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে। এ সময়ে জনজীবনে ফিরে আসতে দেখা গেছে শীতের আমেজ। ঘাস আর ফসলের ক্ষেতে বিন্দু বিন্দু শিশির; হালকা কুয়াশায় আছন্ন চারপাশ। সড়কে গাড়িও চলেছে হেডলাইট জ্বালিয়ে।

তেঁতুলিয়া সদর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। মনে হচ্ছে এবার অনেক আগে ভাগে শীত নামবে। কয়েকদিন থেকে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা নামতে দেখা গেছে। আজ সকাল চারপাশ কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তবে ৮টার পর সূর্যের মুখ দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সংবাদ কর্মীদের বলেন, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে আসতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সঙ্গে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বলা যায় এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।

তিনি আরও বলেন, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা শনিবার কমে গিয়ে ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি।
