সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা-গোমতী সেতুর ওপর পর্যন্ত ১০ কিলোমিটারজুড়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সদস্য সোহানুর রহমান জানান, বুধবার রাত দুইটার দিকে মহাসড়কের কাঁচপুর এলাকায় চট্টগ্রামগামী লেনে একাধিক দুর্ঘটনা ঘটে। এতে সৃষ্টি হয় যানজটের। ধীরে ধীরে যানজটটি চট্টগ্রামের দিকে পৌঁছায়। সকাল ৯টা থেকে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে গৌরীপুর পর্যন্ত ১০ কিলোমিটারে পৌঁছায়। আটকে থাকা অসংখ্য গাড়ি একসঙ্গে চলতে গিয়ে যানজট তীব্র আকার ধারণ করে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে ও যানজট নিরসনে হাইওয়ে থানা–পুলিশ মহাসড়কে কাজ করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ যাতায়াত করেন। একসঙ্গে বিপুলসংখ্যক যান চলাচলের কারণে এখানে যানজট বেড়ে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।