৭ জানুয়ারির নির্বাচন নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদের বাধা উপেক্ষা করে ওইদিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। কেউ কেউ ধুম্রজাল তৈরির চেষ্টা করলেও দেশের মানুষ এ নির্বাচন গ্রহণ করেছে।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।
নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি দলের নিজস্ব বিষয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন করা না করার সিদ্ধান্ত নির্ভর করে রাজনৈতিক দলের ওপর৷ এ দেশের মানুষ এবারের ভোট গ্রহণ করেছে। হ্যাঁ এই নির্বাচন অনেকের পছন্দ না-ও হতে পারে৷ কিন্তু মানুষ তো ভোট দিয়েছে। অথচ কিছু আঁতেল ভোট নিয়ে ধুম্রজাল তৈরির চেষ্টা করে যাচ্ছে।
নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ শেখ হাসিনার। তবে সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার।
এসময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়েছে। যারা মজুত করে চালের দাম বাড়াচ্ছে তাদের শাস্তির আওতায় আনা হবে।